
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সতর্কতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি তাঁদের সার্বিক কল্যাণ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে নিজেদের কল্যাণ এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।