
যুগকথা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া দাড়িয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, কাজুলিয়া বিল শ্যাওরাবাড়ি রোডের খালের পশ্চিমপাড়ে শরিফুল ইসলাম দাড়িয়ার মুরগির খামারের সামনের সড়কে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় শরিফুল ইসলাম দাড়িয়া (৩১) ও মো. নান্নু দাড়িয়া (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা উভয়েই গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।