
স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকাসহ দেশের আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ফুঁসে উঠেছে আইনপেশার সাথে জড়িতরা। সুপ্রিম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর কর্মস্থলে বহিরাগতদের হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গোপালগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে একজন সিনিয়র আইনজীবীর ওপর বহিরাগতদের এ ধরনের নগ্ন হামলা কেবল ব্যক্তি আইনজীবীর ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো আইনজীবী সমাজের নিরাপত্তা এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জুলকদর রহমান, অ্যাডভোকেট নাসির আহমেদসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন আদালতের শত শত আইনজীবী অংশগ্রহণ করেন এবং বিচার প্রাঙ্গণে আইনজীবীদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখার জোর দাবি জানান।