
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছিলেন এসআই মোসলেম আলী। ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বরের ওই ঘটনার পর থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। রোববারও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা। মামলার বাদী হওয়ায় পূর্ববিরোধ কিংবা মামলা-সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এসআই মোসলেম আলীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চলছে। একই সঙ্গে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।