
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার ২০ নভেম্বর সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভিজে চুয়াডাঙ্গ। আর এই অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে পাকা রোপা আমন ধান, ভুট্টা ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে মাঠের পাকা ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, গত দুই দিনের বৃষ্টিতে মাঠে পাকা ধান নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। এখন বৃষ্টি বন্ধ হলে কৃষকেরা উপকৃত হবেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই এলাকার কৃষক আব্দুল গনি বলেন, বিলের পাকা ধান নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা জীবননগর আলমডাঙ্গা সহ রোপা আমনসহ অন্যান্য ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। তাদের ভাষ্য, আমন ধানে ইতোমধ্যে পেকে গেছে এবং কাটার উপযোগী। এ অবস্থায় অতিরিক্ত বৃষ্টি হলে ধান ও ভুট্টাসহ ফসলের ক্ষতি হতে পারে। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়েও দুশ্চিন্তা বাড়বে।
টানা দুই দিনের বৃষ্টিতে এরই মধ্যে চুয়াডাঙ্গা জেলা কৃষি বিভাগও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ও পাকা আমনের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এখন বৃষ্টি বন্ধ হলে কৃষকেরা লাভবান হবেন।
অন্যদিকে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার বলেন,বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আবহাওয়া স্বাভাবিক হলে জমির পানি নেমে যাবে এবং ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।
এদিকে ঘূর্ণিঝড় আকভান প্রভাবে টানা দুই দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় দিনমজুর, রিকশাচালক ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। অনেকেই কাজে বের হতে পারছেন না। আবার প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মোঃ জামিনুর রহমান বলেন, শুক্রবার ২০ নভেম্বর সকাল ৬টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। আরও বলেন চলতি মাসের ২৫ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তখন শীত পুরোদমে জেঁকে বসতে শুরু করবে।