
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ক্যাফে একাত্তরের জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ককটেল বিস্ফোরণ ও জেনারেটরে আগুন লাগার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি।