
যুগকথা রিপোর্টঃ
সব ধরনের শর্ত পূরণ করার পরও লাইসেন্স নবায়ন না করা এবং নতুন ডিলার নিয়োগের পাঁয়তারার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টিসিবির বিদ্যমান ডিলাররা। রোববার (১২ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলার ৫টি উপজেলার টিসিবি ডিলারদের যৌথ আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ডিলারদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো: মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ২০২৫ সালে সব কিছু ঠিক থাকার পরও এবং সততা ও নিষ্ঠার সাথে পণ্য বিতরণ করা সত্ত্বেও জেলার ৩০ জন ডিলারকে নবায়ন দেওয়া হয়নি। এমনকি চলতি ২০২৬ সালের জুন মাস পার হয়ে গেলেও রহস্যজনক কারণে কোনো ডিলারের লাইসেন্সই নবায়ন করে দেয়নি কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও তা এখনো ঝুলে রয়েছে।
ডিলার নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসকের সুপারিশকৃত তালিকা অনুযায়ী লাইসেন্স নবায়ন বা পুনর্বহাল কার্যক্রম সম্পন্ন না করে, উল্টো বিভিন্ন স্থানে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের বাদ দিয়ে নতুন নিয়োগের এই চেষ্টা প্রশাসনিক ধারাবাহিকতা, দীর্ঘদিনের সেবামূলক কাজের মূল্যায়নের পরিপন্থী। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না করা হলে ডিলাররা চরম অনিশ্চয়তা ও হতাশার মুখে পড়বেন।
এর আগে গত ৯ জুলাই ডিলারদের পুনরায় বহাল, লাইসেন্স নবায়ন এবং নতুন ডিলার নিয়োগের পূর্বে বর্তমানদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (সদর), টেকেরহাট আঞ্চলিক অফিস এবং ঢাকার কাওরান বাজারে অবস্থিত টিসিবি হেড অফিসেও পাঠানো হয়েছে।