রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২.০০ পিএম
  • ২০ জন সংবাদটি পড়েছেন
স্টার রিপোর্টারঃ
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএসের নন-ক্যাডার পদে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট তার একমাত্র ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে বাসায় যাওয়ার কথা জানান।
পরিবারের অভিযোগ, রাত আড়াইটার পর তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকবার কথা বলে। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA