
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবসের আলোচনায় জেলা প্রশাসকমহাত্মা লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য রেলী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বলেন, “মহাত্মা লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িকতা, প্রেম ও চিরন্তন মানবতার প্রতীক। তাঁর দর্শনে কোনো জাত-পাত বা ধর্মের ভেদাভেদ ছিল না; মানুষই ছিল তাঁর ভাবনার কেন্দ্রবিন্দু। বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে লালনের দর্শন চর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে লালন সাঁইজির জীবন ও সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে জেলা প্রশাসন সব সময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। এতে ‘লালন দর্শন ও তাঁর মানবতাবাদ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মুহাম্মদ সালেহ।
শাহনাজ পারভীন শিলুর প্রাণবন্ত উপস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও প্রখ্যাত কণ্ঠশিল্পী ফারহান কবীর সিফাতের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত জমকালো ও নান্দনিক হয়ে ওঠে।
সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমি, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্হা, ত্রিবেনী গন সাংস্কৃতিক সংস্হা, মৃদঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববীণা সংগীত একাডেমী, গোপালগঞ্জ কালচারাল ক্যানভাস ও জলসা ঘর সংগীত একাডেমী গোপালগঞ্জের শিল্পীরা লালন গীীতি পরিবেশন করেন। এছাড়া একক সংগীত পরিবেশন করেন মোঃ হাফিজুর রহমান শেখ, মমতা দাসী বাউল, সজীব দত্ত ও শেখ সবুজ প্রমুখ।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক অনুরাগী, লালন ভক্ত দর্শক-শ্রোতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা কর্তৃপক্ষের নিকট লালনের গান ও দর্শন ছড়িয়ে দিতে প্রতি বছর নিয়মিত এ ধরনের আয়োজন করার জোর দাবি জানান।