
গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া মোড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পরিবহন কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর একদল নেতা-কর্মী ঘোনাপাড়া এলাকায় হঠাৎ বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঘোনাপাড়া মোড়ে অবস্থিত ‘দোলা’ এবং ‘রূপসী’ পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার এক পর্যায়ে রূপসী পরিবহনের কাউন্টারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বিক্ষোভকারীরা ঘোনাপাড়া মোড়ে টানানো বিএনপির বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পরিবহন কাউন্টার দুটি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ছিল। আজকের এই ঘটনার জের ধরে ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।