স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশি চেকপোস্ট বসানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় হামলা, অগ্নিসংযোগ ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে পুলিশ। তল্লাশি চলাকালে কয়েকজনকে আটক এবং বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়। মাইকিংয়ের শব্দ শুনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্রুত টুঙ্গিপাড়ার অডিটরিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অডিটরিয়ামের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পিছু হটলে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। সেখানেও পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে এবং এর আগে আটক ব্যক্তিদের থানা থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। একপর্যায়ে থানা কার্যালয়ে ভিতর ব্যাপক অগ্নিসংযোগ করা হয় এবং থানায় থাকা একাধিক মোটরসাইকেল ও গাড়ি পুড়ে ভস্মীভূত হয়। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি ।
থানার ঘটনা ছাড়াও পাটগাতী এলাকায় অবস্থিত স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ১০ প্লাটুন বিজিবি এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে নীলফা খালেকের বাজার এলাকায় পৌঁছালে বিজিবির গাড়িবহরটি আওয়ামী লীগ নেতাকর্মীদের পাতা বাধার মুখে পড়ে। সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করা হয়। সেই বাধা অতিক্রম করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিজিবির একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে পুরো টুঙ্গিপাড়া জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ ঘটনায় হতাহত, সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com