যুগকথা প্রতিনিধিঃ
রাজনৈতিক পটপরিবর্তনের পরও কাটেনি নিরাপত্তাহীনতা। বাড়িঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার এবং প্রাণনাশের আশঙ্কায় স্ত্রী-সন্তান নিয়ে নিজ এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের সাবেক কৃষক লীগ নেতা মো. সোহাগ শেখ। দীর্ঘদিন ধরে নিজ এলাকা থেকে বিচ্ছিন্ন থাকায় তাঁর পরিবার নানা সামাজিক, পারিবারিক ও শিক্ষাসংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এক প্রতিবেশী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট একদল বিক্ষুব্ধ লোকজন সোহাগ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিবেশী আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজন অতীতে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের কেউ কেউ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এবং ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত বলেও তিনি দাবি করেন।
প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সোহাগ শেখ আগে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাড়িতে হামলা হওয়ার পর থেকেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁর আশঙ্কা, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি তাঁর প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে বলে প্রতিবেশী জানিয়েছেন।
ওই প্রতিবেশী আরও জানান, দীর্ঘদিন নিজ বাড়ি ও এলাকা থেকে দূরে থাকায় সোহাগ শেখের সন্তানদের পড়াশোনা ও স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। পরিবারের মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক জীবনেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ের কারণে একজন মানুষকে যদি নিজের বাড়িঘর ছেড়ে প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাতে হয়, তাহলে সেটি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।”
প্রতিবেশীর দাবি, বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সোহাগ শেখ ও তাঁর পরিবারের নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com