প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৮:৩১ পি.এম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে

কাশিয়ানি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ঘাট রেল স্টেশনের পয়েন্টসম্যান সামাদ সর্দারের বিরুদ্ধে গত প্রায় তিন বছর ধরে নিয়মিত দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন পাচ্ছেন সামাদ সর্দার। স্থানীয়দের দাবি, দায়িত্বে না থেকেও কীভাবে তার হাজিরা নিয়মিত দেখানো হচ্ছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে।গত বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাটিয়াপাড়া ঘাট রেল স্টেশনে অবস্থান করেও পয়েন্টসম্যান সামাদ সর্দারের দেখা পাওয়া যায়নি। এবং এ সময় তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের অভিযোগ, সামাদ সর্দারের দীর্ঘদিনের অনুপস্থিতির বিষয়টি কর্তৃপক্ষ অবগত থাকা সত্ত্বেও তার হাজিরা নিয়মিত দেখানো হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে রেল মাস্টার অনিক বিশ্বাস তার হাজিরা দিয়ে নিয়মিত বেতন নেওয়ার সুযোগ করে দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে কাশিয়ানী রেল স্টেশনের মাস্টার অনিক বিশ্বাস বলেন, “মানবিক কারণে তাকে ছাড়া দিয়েছি।”
তবে একজন কর্মচারী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও কীভাবে নিয়মিত হাজিরা ও বেতন পাচ্ছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের নথিপত্র যাচাই এবং তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পয়েন্টসম্যান সামাদ সর্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন দায়িত্ব পালন না করেও সরকারি বেতন নেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে রেলওয়ে কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.