
যুগকথা রিপোর্টারঃ
অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বলেন, বিশ্বমানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধানের মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সমন্বিত সচেতনতা গড়ে তুলতে হবে। নিম্নমানের বা ভেজাল পণ্যের বাজার রোধ করে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান বলেন, আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব জ্বালানির সঠিক ব্যবহারের মাধ্যমেই উন্নত ভবিষ্যতের পথ সুগম হবে। এক্ষেত্রে মান নিয়ন্ত্রক হিসেবে বিএসটিআই-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পরিদর্শক (মেট্রোলজি) তাসনীম দোহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারি পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী বলেন, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় উৎপাদিত পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে বিএসটিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করবে।
উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যবসায়ী প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com