প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ৫:৩৯ পি.এম
বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত

যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি ও গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে দেশমাতৃকার শান্তি, সমৃদ্ধি ও ধর্মীয় সম্প্রীতি কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরবর্তীতে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১৬ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ্জামান অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শ্রীমতী সুবর্ণা শিকদার এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, “ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। সম্প্রীতির এই চেতনা অক্ষুণ্ণ রেখে দেশ ও মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি, ন্যায় ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি উপলক্ষ। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার ভিত্তি।”
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে ধর্মীয় সংগীত, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র গোপালগঞ্জ জুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.