স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জে সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটির উদ্যোগে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় শহরের কাচ্চিডাইন রেসটুরেন্টে আয়োজিত এ সেমিনারে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং এ ক্ষেত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনার আয়োজনে সহযোগিতা করে জাগো, প্ল্যান ইন্টারন্যাশনাল ও কিংডম অব নেদারল্যান্ডস। এতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম জাহিদুল হক, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতানা রেজা,গোবিপ্রবি রোভার স্কাউটের প্রেসিডেন্ট ফারিহা নওরিন, যুব রেড ক্রিসেন্টের যুবপ্রধান জুবায়ের খানসহ প্রজ্বলিত গোপালগঞ্জ, লাসমিন ফাউন্ডেশন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সেমিনারে দলীয় কার্যক্রমের মাধ্যমে নারী ও পুরুষের বিভিন্ন কাজ ও দায়িত্ব নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর মাধ্যমে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।
সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটির সভাপতি এম কে মাইম বলেন, নারী-পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা এবং জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করতে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজে প্রচলিত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমতাভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জেন্ডার বৈষম্য দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সমতার চর্চা বাড়াতে হবে। নারী ও পুরুষের প্রতি সমান মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সমতা প্রতিষ্ঠার আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com